দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। একটি ইলেকট্রনিক চুক্তির আওতায় হজযাত্রার প্রয়োজনীয় বিভিন্ন সেবা একত্র করা হয়েছে এই প্যাকেজে।
ইলেকট্রনিক পাথ প্ল্যাটফর্মের মাধ্যমে প্যাকেজটি দেওয়া হবে। সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীর সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে ফিরে যাওয়া পর্যন্ত পুরো যাত্রাপথের বিভিন্ন সেবা এর আওতায় থাকবে।
প্যাকেজে প্রধান চারটি সেবা রাখা হয়েছে। এগুলো হলো পবিত্র স্থানগুলোতে সেবা, মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত এবং খাবার সরবরাহ। এর পাশাপাশি ঐচ্ছিক বিভিন্ন সমৃদ্ধিমূলক সেবাও নেওয়ার সুযোগ থাকবে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে বিদেশি হজবিষয়ক দপ্তর ও এজেন্সিগুলো বিভিন্ন শ্রেণির হজযাত্রীর জন্য প্রয়োজন অনুযায়ী কর্মসূচি তৈরি করতে পারবে। এ ক্ষেত্রে নির্ধারিত ও নমনীয় চুক্তিভিত্তিক কাঠামো অনুসরণ করা হবে।
১৪৪৮ হিজরি সালের হজ মৌসুমের জন্য সৌদি আরবের আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই প্যাকেজ চালু করা হয়েছে। একই সঙ্গে এটি সৌদি ভিশন ২০৩০ এবং হজযাত্রীদের অভিজ্ঞতা কর্মসূচির লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ইতোমধ্যে ১৪৪৮ হিজরি সালের হজ মৌসুমের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। এর অংশ হিসেবে ৭৫টিরও বেশি দেশের হজবিষয়ক দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে মন্ত্রণালয়। এসব বৈঠকে পরিচালন পরিকল্পনা, বিধিবিধান ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় ডিজিটাল অবকাঠামোও সম্প্রসারিত করেছে সৌদি আরব। মন্ত্রণালয়ের বিভিন্ন ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে হজযাত্রী ও সেবাদাতাদের জন্য চুক্তি, পরিচালন কার্যক্রম এবং ভিসা প্রক্রিয়াকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা হয়েছে।
/অ